পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) উন্নয়নের নতুন ছোঁয়া লেগেছে। বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় একযোগে ছয়টি নতুন স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে এসব স্থাপনার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস. এম হেমায়েত জাহান।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, প্রকল্পের প্রথম সংশোধিত এই পর্যায়ের আওতায় মোট ৬টি গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৬ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবন, ৪ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে বিদ্যুৎ উপকেন্দ্র এবং ৩ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে চারতলা খামার ভবন। এ ছাড়া ৩ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে আনসার ব্যারাক, ১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে প্রশাসনিক ভবনের বিকল্প সিঁড়ি এবং ৬৮ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে একটি আধুনিক আবহাওয়া স্টেশন নির্মাণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এস. এম হেমায়েত জাহান বলেন, ‘একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে মানসম্মত অবকাঠামোর বিকল্প নেই। আজ (১৭ আগস্ট) যে প্রকল্পগুলো উদ্বোধন করা হলো, তা আমাদের শিক্ষা ও গবেষণার পরিবেশকে আরও উন্নত করবে। তবে শুধু অবকাঠামো তৈরি করলেই হবে না, রাষ্ট্রীয় এই সম্পদগুলোর সঠিক রক্ষণাবেক্ষণ ও ব্যবহার নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এ. বি. এম সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান এবং রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন। অধিকতর উন্নয়ন প্রকল্পের পরিচালক মো. ওবায়েদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেন।